বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারের বিস্তার। অসাধু চক্রের ছোবলে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে এলাকার নিরীহ তরুণ সমাজকে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠান মির্জাপুর চৌমুহনী বাজার থেকে বাগিচা পাড়া পর্যন্ত সড়কগুলো এখন প্রায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিশেষ করে রাত নামলেই এসব এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য চোখে পড়ে।
এছাড়াও মাঝেমধ্যে ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে, ফলে নারীদের চলাচল দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অল্প বয়সী কিশোররাও এই নেশার জালে জড়িয়ে পড়ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
আশপাশের এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পুরো একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।