মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এগুলো উদ্বোধন করেন।
বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ০৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ডাক বিভাগ প্রতিবছরের ন্যায় এবারও এই বিশেষ স্মারক সামগ্রীগুলো প্রকাশ করেছে। আজ থেকেই এগুলো নির্দিষ্ট পোস্ট অফিসগুলোতে সাধারণ মানুষের সংগ্রহের জন্য পাওয়া যাবে।