আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু’র নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ শে মার্চ ) বিকেলে রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকায় এ উদ্বোধনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লেগুনা, বাস, টেম্পু, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে আতাউর রহমান রুনুর ছবি সংবলিত স্টিকার লাগিয়ে প্রচারণা চালান।
প্রচারণা শেষে বক্তারা বলেন, আতাউর রহমান রুনু একজন কর্মীবান্ধব, জনবান্ধব ও ত্যাগী নেতা।
তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে থেকে দলের জন্য কাজ করে গেছেন।
বক্তারা আরও বলেন, রূপসা উপজেলার সাধারণ মানুষ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান রুনুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, রূপসা উপজেলার কৃতী সন্তান ও মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এর স্নেহভাজন আতাউর রহমান রুনু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এ অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত হবে বলেও মত প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা জাহিদ, খান ওহেদুজ্জামান, মাসুদ হোসেন, নয়ন মোড়ল, মো. রয়েল, রাজিব, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারেফ শিকদার, সদস্য আসাদুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক নিয়াম মল্লিক ও ফারুক বাবু, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটন, এবং শাহিন, নাসির, আরিফ, কালাম, বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা।