গাইবান্ধা জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষার বিষয় ছিল বাংলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মোট ১১ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫৫০ জন এবং ছাত্রী ৬ হাজার ৫৩৭ জন। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাইবান্ধা সদরে ৯১২ জন ছাত্র ও ১,২৩৭ জন ছাত্রী, গোবিন্দগঞ্জে ৯৪৯ জন ছাত্র ও ১,৩৬৫ জন ছাত্রী, পলাশবাড়ীতে ৫৫৯ জন ছাত্র ও ৭৫৭ জন ছাত্রী, ফুলছড়িতে ২৯১ জন ছাত্র ও ৩৬৯ জন ছাত্রী, সাদুল্লাপুরে ৫৭৮ জন ছাত্র ও ৭৬৩ জন ছাত্রী, সাঘাটায় ৫৪৭ জন ছাত্র ও ৮১১ জন ছাত্রী এবং সুন্দরগঞ্জে ৮১৪ জন ছাত্র ও ১,২৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাশ জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা রাখা হয়েছে এবং সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ ধরনের মূল্যায়নমূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করা হয়েছে।