খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র গঠনের প্রধান শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাই তাদেরকে ছোটবেলা থেকেই সুশিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক অবক্ষয়ের মতো ভয়াবহ ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে পরিবার, শিক্ষক এবং সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না, বরং সামাজিক আন্দোলনের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হওয়ায় মোবাইল ফোন ও ইন্টারনেট এখন শিক্ষার্থীদের জীবনের অংশ হয়ে গেছে। তবে এর সঠিক ব্যবহার না জানলে এটি ক্ষতির কারণও হতে পারে। তাই শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনীয় ও আসক্তিমূলক ব্যবহারে না জড়িয়ে পড়ে সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রযুক্তিকে অবশ্যই শিক্ষার জন্য ব্যবহার করতে হবে, বিনোদনের নামে অপব্যবহার নয়। তিনি আরও বলেন, একটি শিক্ষিত জাতি গঠনের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে, জ্ঞান বাড়ায় এবং জীবনকে আলোকিত করে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল নেতাকর্মীদের জনগণের বন্ধু হতে হবে। জনগণের পাশে দাঁড়ানো, তাদের সুখ দুঃখে অংশ নেওয়া এবং মানুষের আস্থা অর্জন করাই একজন রাজনৈতিক কর্মীর আসল দায়িত্ব। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো রাজনীতি সফল হতে পারে না। সব সময় জনগনের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি গতকাল ১৭ এপ্রিল ( শুক্রবার ) খুলনা জেলার তেরখাদা উপজেলার বলর্দ্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।