বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী ভক্তপূজা উপলক্ষ্যে প্রায় ৩০০ বছরের পুরনো গোপালপুর মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মেলা পরিদর্শনে আসেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “গোপালপুর মেলা আমাদের এলাকার একটি প্রাচীন ঐতিহ্য, যা গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”
মেলায় নানা ধরনের গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও বিনোদনের আয়োজন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, ভক্তপূজাকে কেন্দ্র করে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয় এবং এটি এলাকার অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।