আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে মাঠে সক্রিয় হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

জানা গেছে, চেয়ারম্যান পদে সম্ভাব্য ৫ জন প্রার্থী হচ্ছেন— দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, যুবনেতা ফেরদাউস রহমান রেদওয়ান এবং আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার ও গ্রামাঞ্চলে এখন নির্বাচনী আলোচনা জমে উঠেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়— উন্নয়ন, সেবার মান ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করতে চান। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আরও উত্তাপ ছড়াবে বলে ধারণা করছেন স্থানীয়রা।