খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষা হলো একটি জাতির ভিত্তি। একটি দেশ বা সমাজ যত বেশি শিক্ষিত হবে, ততই সে সমাজ উন্নয়ন, নৈতিকতা , মানবিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, খুলনা জেলার তেরখাদা উপজেলা একটি সম্ভাবনাময়, গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অঞ্চল। এ এলাকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী হলেও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতার কারণে তারা পিছিয়ে পড়ে। তাই তেরখাদার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আধুনিক, মানসম্মত ও যুগোপযোগীভাবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসন , অভিভাবক ও স্থানীয় জনগণ , সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন- একটি সুন্দর , সুপরিকল্পিত ও মানসম্মত বিদ্যালয় ভবন শুধু একটি ইট-পাথরের অবকাঠামো নয় , বরং এটি শিক্ষার্থীদের স্বপ্ন , সম্ভাবনা ও ভবিষ্যৎ গড়ার একটি দৃঢ় ভিত্তি। এমন শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে সহায়তা করে এবং তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে।
তিনি শিক্ষকদের বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করলেই দায়িত্ব শেষ হয় না। এর পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা , শৃঙ্খলা , মানবিকতা ও দেশপ্রেম শেখানোও সমান গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে। শিক্ষকরা যদি আন্তরিকতা , নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে তেরখাদার শিক্ষার্থীরাও ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি সম্প্রতি এসব কথা বলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তৃতীয় তলা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ভাস্কর মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) পলাশ মণ্ডল , সহকারী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলামসহ প্রকৌশল বিভাগ ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার ( শাবানা ), সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।