খুলনার রূপসায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থা ( MJJMS ) এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৭ মে ) বিকালে উপজেলার টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজারস্থ মেঘা সুপার মার্কেটে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঈদকে ঘিরে এমন মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। শুরু থেকেই সংগঠনটি শুধু ত্রাণ বা সহায়তা কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদী মানবিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখেছে। চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, শীতবস্ত্র প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া প্রদান এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। মানবিকতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যেই সংগঠনটি একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকেই মনে করেন, সমাজে এ ধরনের অরাজনৈতিক সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন, যাতে অসহায় মানুষের পাশে আরও বেশি সহায়তা পৌঁছানো যায়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এইএম মাসুদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা, সাংবাদিক জিএম আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম কচি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আঃ মজিদ শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন এইচএম আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, রেজাওয়ান আহম্মেদ, রিফাত হাওলাদার, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।