তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায় ) এর আওতায় খুলনার তেরখাদা উপজেলার তথ্য সেবা অফিসের উদ্যোগে তেরখাদা উত্তর পাড়ায় ১০ জুন সকাল সাড়ে ১০টার দিকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী বনশ্রী বিশ্বাসসহ আরও অনেকে। বৈঠকে তেরখাদা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিস্ তাহমিনা সুলতানা নীলা বলেন, নারীর ক্ষমতায়ন সমাজে সমতা, ন্যায় বিচার ও টেকশই উন্নয়ন নিশ্চিত করে। নারীর দক্ষতা ও সৃজনশীলতা সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তিনি বলেন, পরিবার গঠন থেকে শুরু করে জাতি গঠনে নারীদের অবদান অপরিসীম। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সাংস্কৃতিক বিকাশে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদেরকে আরও সচেতন হয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতি গঠনে অগ্রণি ভূমিকা রাখার আহবান জানান।