বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত নতুন ইউনিয়নের নাম “দিগন্ত” পরিবর্তন করে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নামকরণের দাবিতে আয়োজিত গণশুনানিতে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় রহবল ইউনিয়নের পক্ষে জনজোয়ার দেখা যায়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় রহবল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিভিন্ন মৌজা ও এলাকার কয়েক হাজার মানুষ অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
গণশুনানিতে বক্তারা বলেন, নতুন ইউনিয়নের নাম নির্ধারণের ক্ষেত্রে এলাকার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, জনমতের প্রতিফলন এবং দীর্ঘদিনের পরিচিত ভৌগোলিক নামকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে, “দিগন্ত” নামটি এলাকার বাস্তবতা ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই স্থানীয় মানুষের আবেগ, পরিচয় ও ঐতিহ্যকে ধারণ করে এমন একটি গ্রহণযোগ্য নাম নির্ধারণ করা উচিত।
গণশুনানি কমিটির আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন বলেন, গণশুনানিতে অংশগ্রহণকারী মানুষের মতামত গ্রহণ করা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৭০০ ভোট সংগ্রহ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ভরিয়া স্কুল মাটে গণশুনানিতে আনুমানিক ১১ শ ভোট সংগ্রহ করা হয়েছে।
প্রাপ্ত মতামত ও ভোটের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করে তা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।