গাইবান্ধা সদর উপজেলার ইসলামপাড়া (ভাটপাড়া গোপালপুর) রহমতপুর এলাকায় জুমার নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘হযরত ফাতেমা (রাঃ) মডেল বালিকা মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
নবপ্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য কুরআন, হাদিসসহ সাধারণ শিক্ষার সুযোগ রাখা হয়েছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আমির হোসেন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আনোয়ার হোসেন শেখ ও স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত বালিকাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।