
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদীর মাঝপথে যাত্রীবাহী খেয়া নৌকায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের কর্মীদের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মালামালও ছিনিয়ে নেয় তারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলছড়ি উপজেলার ফজলুপুর-কাবিলপুর চর এলাকার নদীপথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্র্যাকের গাইবান্ধা-১ অঞ্চলের ফুলছড়ি শাখার ছয় কর্মী বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর চরে ভিও (সঞ্চয় ও ঋণের কিস্তি) সংগ্রহের কাজে যান। দিনভর টাকা সংগ্রহ শেষে বিকেলে তারা অফিসে ফেরার প্রস্তুতি নেন।
পরে সংগৃহীত প্রায় ৭ লাখ টাকা নিয়ে ঋণ বিতরণের উদ্দেশ্যে ব্র্যাকের কর্মী রাকিবুল ইসলাম ও এবিএম নিরঞ্জন কুমার একটি যাত্রীবাহী নৌকায় করে অফিসের দিকে রওনা দেন।
নৌকাটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ একটি অন্য নৌকা নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্র দেখিয়ে নৌকার যাত্রীদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা ব্র্যাক কর্মীদের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ডাকাতরা নৌকায় থাকা সব যাত্রীর মোবাইল ফোন, টাকা-পয়সা ও অন্যান্য মালামালও লুট করে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা যাত্রীবাহী নৌকার মেশিনের হ্যান্ডেল খুলে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর ব্র্যাকের দুই কর্মী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্য কর্মীদেরও নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীপথে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা রয়েছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নদীপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।