বগুড়ার আদমদীঘি থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার ১৫ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. রাহুল হোসেন (২৪)কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ জুন ২০২৬ সকাল ৭টার দিকে ভিকটিম প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার সময় আদমদীঘি হাসপাতালের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিযোগে অপহরণ করা হয়। এ সময় তার শরীরে থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৬ আনা ওজনের কানের দুলও নিয়ে যায় অপহরণকারীরা।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও ভিকটিমের সন্ধান না পাওয়ায় তার বাবা আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে বগুড়ার কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার ১ নম্বর পলাতক আসামি মো. রাহুল হোসেন (২৪)কে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কাহালু উপজেলার ভোলতা এলাকার শাহিনুর ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ বলেছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।