খুলনার রূপসা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খনাদ, হরিনাম সংকীর্তন আর ভক্তিপূর্ণ চিত্তে রথের রশি টেনে এই উৎসব উদযাপন করেন হাজারো ভক্ত অনুরাগী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিহ্যবাহী কচাতলা বাজারে রূপসা রথযাত্রা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মূল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত ও পুণ্যার্থী কচাতলা বাজারে সমবেত হতে থাকেন। অনুষ্ঠানটির শুরুতে এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের মাঝে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও নিরাপদ পরিবেশে পালন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজজাক মীর, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর এবং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু । বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন দাস, ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার মণ্ডল, উপজেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সেন ,বিএনপি নেতা গৌর চন্দ্র বিশ্বাস, বিপুল মজুমদার , রথযাত্রা উদযাপন পরিষদের কোষাধক্ষ্য স্বপন কুমার বিশ্বাস , সজল বিশ্বাস, সুজন বিশ্বাস, মনোরঞ্জন রায়, অমর বসু, রবীন মণ্ডল ।
এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপজেলার কাজদিয়া তালতলা শাখারীপাড়া, ভবানীপুর, নেহালপুর ও স্বল্পবাহিরদিয়া এলাকাতেও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন।