বগুড়ার শেরপুর থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আফিল উদ্দিন পিন্টু (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-১৭, জিআর নং-১৮৬, তারিখ ৯ জুলাই ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা ও পেশায় মিশুকচালক মো. আলতাফ হোসেন মণ্ডল (৪৭) গত ৮ জুলাই রাতে তার প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত মিশুকটি নিজ বাড়ির একটি কক্ষে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন রাত আনুমানিক ৩টার দিকে উঠে তিনি দেখতে পান, মিশুকটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পরও সেটি উদ্ধার না হওয়ায় তিনি শেরপুর থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায়, ১৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আফিল উদ্দিন পিন্টু (৪০)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।