বগুড়া সদর উপজেলায় গাঁজা ও অ্যালকোহলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ডিএনসি বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতদের পরিচয় ও সাজা
শ্রী সোহাগ বাঁশফোড় (২৭): সেউজগাড়ী এলাকার বাসিন্দা। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ফিনুস আলী (২৯): নুড়ুইল এলাকার বাসিন্দা। তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আব্দুল বারী (৪০): পূর্ব পাতিতাপাড়া এলাকার বাসিন্দা। আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ৩৫ গ্রাম গাঁজা এবং ২৫০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেওয়া হয়।
ডিএনসি আরও জানিয়েছে, জব্দকৃত গাঁজা ও অ্যালকোহল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ও ঢেলে ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানামূলে বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।