বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ প্রদর্শন করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল।
এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
২রা আগস্ট (রবিবার) বিকেল ৪টায় স্থানীয় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন।
উক্ত প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক, নূরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, সিজান, আফিফ, রবিউল, কাউসার, মাসুদ ও নয়নসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, দেশের জনপ্রিয় নেতৃত্ব ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্য বা কটুক্তি বরদাশত করা হবে না। ভবিষ্যতে রাজপথে থেকেই এমন অপপ্রচারের কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।