গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-৩ গাইবান্ধা, র্যাব-১৩-এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-৩, র্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিপথগামী ও মাদকাসক্ত তরুণদের আলোর পথে ফিরিয়ে আনতে সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনাসহ মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।