মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর বাইপাস মোড়সহ মহল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন গড়ার আহ্বান জানানো হয়। আয়োজকেরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল চলাকালে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার কয়েকজন মাদকসেবী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে পরিচিত কিছু ব্যক্তি মিছিল ও মাদকবিরোধী কমিটিকে উদ্দেশ করে বিদ্রূপাত্মক স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলেও মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
আয়োজকেরা বলেন, কোনো ধরনের বিদ্রূপ, প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে থামাতে পারবে না। বরং মাদকের বিরুদ্ধে জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
তাঁরা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই বিপর্যন্ত করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
এদিকে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনমত আরও সুসংগঠিত হবে এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।