বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আদমদীঘি উপজেলার রাইজোড় গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো. রেদোয়ান হোসেন (২১) এবং উথরাইল আকন্দপাড়া গ্রামের গোলাম মতুজা টুকুর ছেলে মো. মেহেদী হাসান জয় (৩২)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুইজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত রেদোয়ান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসান জয়কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
ডিএনসি বগুড়া জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।