বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর তহশিল অফিসের (রানীরহাট) নায়েব আজমত আলীর বিরুদ্ধে শত বছরের পুরোনো কবরস্থান ও সরকারি খাস পুকুর নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাকপালা মৌজায় প্রায় শত বছর ধরে স্থানীয়দের ব্যবহৃত দীঘিরপাড় কবরস্থান ও খাস পুকুর রয়েছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে এসব সম্পত্তি ব্যবহার করে আসছেন।
অভিযোগকারীদের দাবি, সরকারি খাস সম্পত্তি হওয়া সত্ত্বেও চলমান মাঠ জরিপে কবরস্থান ও খাস পুকুরের জমি সরকারের নামে না রেখে ব্যক্তি মালিকানায় রেকর্ড করার চেষ্টা চলছে। বিষয়টি তহশিল অফিসের নায়েব আজমত আলীকে জানানো হলেও তিনি কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ করা হয়েছে, প্রায় ১ একর ২৭ শতক কবরস্থান এবং ১ একর ৯৬ শতক খাস পুকুর ব্যক্তি মালিকানার নামে রেকর্ড হওয়ার বিষয়টি নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগকারীরা নায়েব আজমত আলীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি রক্ষায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কবরস্থান ও খাস পুকুরের প্রকৃত মালিকানা যাচাই করে সরকারি সম্পত্তি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা।
তবে নায়েব আজমত আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।