বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি পুরোনো বাটন মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল প্রামানিকের বসতবাড়ির সামনে থেকে মো. মিলন প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তিকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার কাছ থেকে তিনটি পুরোনো বাটন মোবাইল, একটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব। সেখানে মোছা. আশামনি বেগম (২০) ও মো. উজ্জল প্রামানিক (২৪) নামে দুজনকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল, দুটি সিমকার্ড ও নগদ ২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জব্দ করা আলামতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মিলন প্রামানিককে কাহালু থানায় এবং আশামনি বেগম ও উজ্জল প্রামানিককে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।