বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৩ পিস ইয়াবা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার তালপুকুর পাড়া ও হাটখোলা পাড়ায় অভিযান দুটি পরিচালনা করে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টার দিকে তালপুকুর পাড়ায় অভিযান চালিয়ে **মো. বাপ্পী হাসান (২১)**কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লোহার তৈরি দুটি চাপাতি, ১৩ পিস ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরে ভোর ৫টার দিকে হাটখোলা পাড়ায় পৃথক অভিযান চালিয়ে মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মন্ডল (৩৮), মো. রাব্বি হাসান (২২), মো. মেহেদী হাসান (২৩), মো. রিপন প্রামাণিক (২৭), মো. আকাশ প্রামাণিক (১৯), মো. শুভ (২০), মো. কাইয়ম প্রামাণিক (১৯), মো. কাউছার হোসেন (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯টি লোহার তৈরি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া জালাল মন্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।