বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস উৎপাদন এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগে একটি চিপস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি করা হচ্ছিল। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ মিশ্রণ এবং চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ময়লাযুক্ত পরিবেশে চিপস শুকানো এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
এসব অপরাধের ভিত্তিতে কারখানার মালিক মোছাম্মৎ রুমীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত মালিক নিজের অপরাধ স্বীকার করলে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।