বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে সারিয়াকান্দি উপজেলাকে ৫-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে দুপচাঁচিয়া উপজেলা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ১-১ গোলে সমতায় থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারণ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া শহরের তিনমাথা এলাকায় প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।
এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফির পাশাপাশি ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে দেড় লাখ টাকা। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকে ট্রফির সঙ্গে দেওয়া হবে ১২ হাজার টাকা পুরস্কার।
উদ্বোধনী ম্যাচ ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেক দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে বগুড়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।