বগুড়ায় কন্টেন্ট ক্রিয়েটর মো. রাজকে অপহরণ করে টাকা দাবি এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর রিয়া আক্তার ওরফে বুলি ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রিয়া আক্তার ওরফে বুলি এবং মো. সাব্বির নামে এক যুবককে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।
অভিযোগ ও মামলার তথ্য অনুযায়ী, বগুড়ার বাসিন্দা কন্টেন্ট ক্রিয়েটর মো. রাজের সঙ্গে একসময় রিয়া আক্তার ওরফে বুলি একসঙ্গে ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে ব্যক্তিগত সমস্যা ও মনোমালিন্যের কারণে রিয়ার সঙ্গে ভিডিও শুটিং বন্ধ করে দেন রাজ।
রাজের অভিযোগ, এরপর তাকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেওয়া এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় মো. রাজ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার সদর থানা পুলিশ গোহাইল এলাকার কন্টেন্ট ক্রিয়েটর রিয়া আক্তার ওরফে বুলি এবং বিরগ্রাম-জগন্নাথপুর এলাকার মো. সাব্বিরকে আটক করে।
এদিকে, রিয়া আক্তার ওরফে বুলিকে ঘিরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগগুলো তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।