নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের সকল মানুষের চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা—এসব বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।