গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ মিলন চৌধুরী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোঘাট মাঝিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মিলন চৌধুরীর বাড়ির সামনে নদীর পাড়ের ভাঙনরোধী ব্লকের ওপর তার দেহ তল্লাশি করে পাঁচটি কালো এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিলন চৌধুরী গোঘাট মাঝিপাড়া গ্রামের মেহেলাল চৌধুরীর ছেলে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ মিলন চৌধুরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।