ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। বৃক্ষরোপণ, খাবার বিতরণসহ মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।
গতকাল মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। প্রথম প্রহরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন এমপি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। তৃণমূল নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ আনন্দে মেতেছে। বিএনপি ওয়াদা রক্ষাকারী ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারীর দল। শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি। সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে। যতই সংকট ক্রাইসিস আসুক, বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্টরা ব্যর্থ হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, আবু বক্কর সিদ্দিক এলআর, শাহ আল হেলাল, প্রভাষক আব্দুল বারী বারেক, মাসুদ রানা মজিদ, তৌফিকুল ইসলাম রানা, হাসেম আলী, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন, কৃষকদল সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, মহিলাদল নেত্রী পাপিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সর্বস্তরেরর নেতাকর্মী। দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।