বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা-সপ্তপদী মার্কেট এলাকায় এলোমেলোভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ পরিস্থিতি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতমাথা-সপ্তপদী মার্কেটের সামনে শত শত অটোরিকশা দুই থেকে তিন সারিতে এলোমেলোভাবে দাঁড়িয়ে যাত্রী তুলছিল এবং নামিয়ে দিচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ সড়কটির চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের সড়ক পারাপারে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এ সময় ঘটনাস্থলে থাকা এক পরিবেশকর্মী বিষয়টি বগুড়া ট্রাফিক পুলিশ বিভাগের টিআই (অ্যাডমিন) খালেকুজ্জামান খানকে মুঠোফোনে অবহিত করেন। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনি ট্রাফিক পুলিশের একটি দল নিয়ে সাতমাথা এলাকায় পৌঁছান।
পরে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সম্মিলিত প্রচেষ্টায় সাতমাথা-সপ্তপদী মার্কেট এলাকার সড়ক থেকে অটোরিকশাগুলো সরিয়ে দেওয়া হয়। এতে সড়কে স্বাভাবিক চলাচল ফিরে আসে এবং পথচারীদের নির্বিঘ্নে সড়ক পারাপারের সুযোগ তৈরি হয়।
স্থানীয়দের প্রত্যাশা, সাতমাথাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত নজরদারি ও যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট ও জনদুর্ভোগ আরও কমিয়ে আনা হবে।