বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড় ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে আসামীদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া এলাকার রানা (২০), শিবগঞ্জের গড় মহাস্থান এলাকার মো: আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়া এলাকার মো: টিটু (৫২), আদমদীঘি উপজেলার কুসুম্বি সোনারপাড়া এলাকার সুমন (২৭) এবং শিবগঞ্জের ঝামুতপুর এলাকার মো: মামুন (২৮)।
আটককৃত ৫ আসামীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য অভিযান পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।