
চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে আনা হয়েছিল। মৃত নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মিরসরাই সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।