সিরাজগঞ্জের কাজিপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জননেতা সেলিম রেজা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা রবিউল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।