ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ ও ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় বাণিজ্য মেলার স্টল বরাদ্দ নিয়ে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখা ও গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল ও পরিচালক আলী কায়সার বাবুল উপস্থিত ছিলেন। নাসিব গাইবান্ধা জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, নাসিব সচিব সিফতান আহমেদ খান, পরিচালক পলাশ আহমেদ এবং নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানা।
বৈঠকে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের বাণিজ্য মেলায় অংশগ্রহণ, স্টল বরাদ্দ এবং তাদের পণ্য প্রদর্শনের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবারের বাণিজ্য মেলায় ৩২ জন ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাকে স্টল বরাদ্দের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নাসিবের পক্ষ থেকে বলা হয়, মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হলে তারা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারবেন। পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা তৈরি এবং ব্যবসার প্রসারেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, “উদ্যোক্তা এগিয়ে গেলে, এগিয়ে যাবে গাইবান্ধা।”
নাসিবের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ও সুযোগ সৃষ্টির জন্য গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।