
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়বর্ধক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন হতদরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং জনকল্যাণ সংস্থা (জেকেএস)-এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে ছাগল তুলে দেওয়া হয়।
জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আলতাফ হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শাহাদত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরসের নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক শাহ রফিকুল ইসলাম, সুখেরনীড় বাংলাদেশের নির্বাহী পরিচালক আজিজার রহমান, বিশিষ্ট সমাজসেবক একেএম নাসের জুয়েল, সমাজসেবিকা নাজমা আক্তার রিপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে হতদরিদ্র নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে কামারদহ ইউনিয়নের তারদহ গ্রামের ২৫ জন নারীর প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয়।
বিনামূল্যে ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, ছাগল পালন করে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি ধীরে ধীরে নিজেদের স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে।