রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুল ইসলাম আকন্দ। তাঁর এ অর্জনে গাইবান্ধার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
ড. মোঃ মনিরুল ইসলাম আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দি গ্রামের বাসিন্দা। তিনি ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাবা প্রয়াত আব্দুল গফুর আকন্দ এবং মা প্রয়াত আরিফ পণ্ডিত। সাত সন্তানের মধ্যে তিনি বাবা-মায়ের সর্বকনিষ্ঠ সন্তান।
তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল “Investigation of the Seed of the Plant Swietenia Mahagoni Linn: Phytochemical Analysis and Evaluation of Biological Activities”। গবেষণায় মেহগনি বীজের রাসায়নিক উপাদান বিশ্লেষণ এবং এর সম্ভাব্য জৈবিক কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।
গবেষণাকর্মের ওপর আন্তর্জাতিক জার্নালে তাঁর দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এতে মেহগনি বীজের বিভিন্ন রাসায়নিক উপাদান ও সম্ভাব্য উপকারী বৈশিষ্ট্য নিয়ে তথ্য উঠে এসেছে।
ড. মনিরুল ইসলাম আকন্দ জানান, মেহগনি বীজ নিয়ে ভবিষ্যতে আরও গবেষণার সুযোগ রয়েছে। তাঁর গবেষণার ধারাবাহিকতায় মেহগনি বীজের বিভিন্ন উপাদান নিয়ে আরও কাজ করা সম্ভব। বিশেষ করে ডায়াবেটিস ও ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় এসব উপাদানের সম্ভাব্য ব্যবহার নিয়ে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্র তৈরি হতে পারে।
রসায়নে তাঁর এই পিএইচডি অর্জনে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, তাঁর নিজ এলাকা মহিষবান্দি এবং গাইবান্ধার মানুষ আনন্দ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।