গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. বেবী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার স্বামী মো. মনু মিয়াকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় পলাতক আসামি মো. মনু মিয়ার টিনশেড বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম দুয়ারি শয়নকক্ষে থাকা বেবী বেগমকে মহিলা পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার পরিহিত পায়জামার কোমরের সামনের ডান কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় বেবী বেগম ও তার স্বামী মো. মনু মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫ সেপ্টেম্বর মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ২৯(ক) ও ৪১ ধারায় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।