
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাটেক্সপো ২০২৬ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং অনলাইন গণমাধ্যমে এর জোরালো প্রচারের আহ্বান জানান।
এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের বাইরে নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে দেশের পোশাক খাতের অবস্থান শক্তিশালী করাই এর মূল লক্ষ্য। মেলায় থাকবে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন। এছাড়া জিআইজেডের উদ্যোগে থাকছে টেকসই নেতৃত্ব পুরস্কার এবং ফ্যাশন রানওয়ে।
সংবাদ সম্মেলনে পোশাক রপ্তানি, ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, পণ্য বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণ পরবর্তী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসনসহ নীতিগত সহযোগিতা বাড়ানোর দাবি জানানো হয়।
এদিকে, আগামী ২৮ ও ২৯ অক্টোবর বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে চালু করা হয়েছে বিশেষায়িত ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এই ডেস্কের উদ্বোধন করবেন।