গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এর দুই মিনিট পর, ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এরপর আরও দুই মিনিট পর, ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরপর তিনটি বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।
সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা জানান, ফজরের আজানের কিছু আগে তার বাড়ির সামনে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিদ্যালয়ের সামনে ও দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।