গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রম, প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা এবং পড়াশোনার ইতিবাচক পরিবেশ সম্পর্কে ধারণা দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষার মূল লক্ষ্য কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের সৎ, সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চাই শিক্ষার্থীদের সফলতার প্রকৃত সোপান।”
প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান ও গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং পড়াশোনার পাশাপাশি সৎ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থী সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।