
কাতারে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পেশাগত নিরাপত্তা সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গ্রীষ্মকালের তীব্র তাপদাহে নির্ধারিত কর্মঘণ্টা সংক্রান্ত নিয়ম অমান্য করায় মোট ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ তদারকি ও পরিদর্শন অভিযানের পর এই কঠোর সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগ উল্লেখ করেছে যে, অতিরিক্ত গরম ও আর্দ্রতার সময় দুপুরের পিক আওয়ারে শ্রমিকদের হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক জটিলতা থেকে রক্ষা করতে ২০২১ সালের ১৭ নম্বর মন্ত্রী পর্যায়ের ডিক্রি জারি করা হয়েছিল। এই ডিক্রি বাস্তবায়নে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রগুলোর কাজ তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বে পরিচালিত চলতি বছরের ‘হিট স্ট্রোক প্রিভেনশন ক্যাম্পেইন’ গত ১৫ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে। কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে শ্রমিকদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ বজায় রাখতে সারা বছরজুড়েই মন্ত্রণালয়ের এই তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।