
রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে সরকারি কাজে বাধা ও মারধরের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হয়রানিমূলক গ্রেপ্তার অবিলম্বে বন্ধের দাবি জানান। আজ শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
ডা. শফিকুর রহমান দাবি করেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই ধরনের কর্মকাণ্ড অশনি সংকেত হিসেবে দেখা দেবে বলে তিনি সরকারকে সতর্ক করেন।
বিমানবন্দরে যাত্রী হয়রানি, অব্যবস্থাপনা এবং প্রবাসীদের সঙ্গে অন্যায্য আচরণের প্রতিবাদ করায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে করেন ডা. শফিক। তিনি উল্লেখ করেন, ওই অনিয়মের কারণেই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিমানবন্দরের এসব অসঙ্গতি চাপা দেওয়ার জন্যই সরকার এই গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। তিনি ভুক্তভোগী যাত্রীদের সাক্ষী হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই সাজানো মামলা থেকে ওই নেতাকে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।