
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী দক্ষতার বিকাশে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজনে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ ও সৃজনশীল কাজের বহিঃপ্রকাশ ঘটবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সকল অভিভাবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। দুই শাখার শিক্ষার্থীদের শিল্পসৃজন ও বিজ্ঞানের প্রতি আগ্রহের সমন্বিত এই প্রদর্শনীটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।