“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি এনজিওর প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন শিরিন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
দেড় ঘণ্টাব্যাপী আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কন্যাশিশুদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারীদের স্বাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।