বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মামদুদুর রহমান (২৮) নামের এক যুবককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গোছন (গুচ্ছ গ্রামের) মৃত আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে মামদুদুর রহমানের সাথে একই গ্রামের মোঃ ভুলু প্রামাণিকের ছেলে মোঃ ইদ্রিস আলী প্রামাণিক ও মোঃ সাগির হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেনের (২৬) সাথে পূর্বে বিবাদ ছিলো। এরই জের ধরে শনিবার (১০অক্টোবর) নিজ গ্রামে একটি বাউল গানের আসরে মধ্যরাত আনুমানিক ২ ঘটিকার সময় ইদ্দিস ও রাকিব মামদুদুর রহমানের সাথে বাকবিতণ্ডা ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে প্রতিবাদ করলে বিবাদীরা যৌথভাবে তাকে কিল-ঘুষি মারতে থাকে এবং মাইকের মাউথ পিস দিয়ে মাথা, কপাল ও চোখে আঘাত করে। হামলায় ভুক্তভোগী মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মামদুদুর রহমান অভিযোগ করেন, জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন হামলার সময় তার সাথে থাকা একটি 'ওয়ান প্লাস' মোবাইল (যার আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা), সাথে থাকা নগদ ৪৪ হাজার টাকা এবং গলায় থাকা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন বিবাদীরা ছিনিয়ে নিয়ে গেছে।
চিকিৎসা শেষে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরমর্শে তিনি নন্দীগ্রাম থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আমরা একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।