
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা যাচাই এবং রাডার ও যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার প্রস্তুতি হিসেবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন) এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ঠিক কবে নাগাদ বিমানবন্দরটি পুনরায় চালু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর আগে সাম্প্রতিক এক হামলার ঘটনায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হওয়ার তথ্য পাওয়া গেছে। যদিও ঘটনার বিস্তারিত বিবরণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
রিয়াদ বিমানবন্দরের অচলাবস্থার প্রভাব পড়েছে সৌদি আরবের পুরো আকাশপথের সূচিতে। বিশেষ করে জেদ্দা, মদিনা ও দাম্মাম রুটের ফ্লাইটগুলোতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।
চলমান সামরিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সৌদি আকাশসীমায় চলাচলকারী মার্কিন বিমান সংস্থাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আল জাজিরা ও আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ।