
আন্তর্জাতিক বাজারে টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।
বাজারে এই ওঠানামার নেপথ্যে রয়েছে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির অনিশ্চয়তা। সৌদি আরবে হামলার ঘটনায় জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, যা দামের ওপর ঊর্ধ্বমুখী প্রভাব ফেলছে। এর আগে সোমবার বাজারে তেলের দাম প্রায় দুই ডলার বেড়েছিল এবং ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ছিল ১০৬ দশমিক ৬৫ ডলার, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ ছিল।
তবে পরিস্থিতি পুরোপুরি নেতিবাচক নয়। রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারে বাড়তি সরবরাহ পাওয়ার আশা জাগাচ্ছে, যা তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের সার্বিক গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতেও তেলের দরে অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে।