
১৭ বছর বয়সে পেশাদার ফুটবল জীবন শুরু করা তারকা ফুটবলার নেইমারের বয়স এখন ৩৪।
বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে অবসর পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা শুরু করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ‘ভারান্দা গুরমেট’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাঠ থেকে বিদায় নেওয়ার পর তিনি কোনো কাজ না করে টানা এক বছর পুরোপুরি অলস সময় কাটাতে চান। তিনি জীবনটাকে এভাবেই উপভোগ করতে আগ্রহী। নিজের ইচ্ছামতো দিন কাটানোর পরিকল্পনা করে নেইমার বলেন, যদি সেদিন ফুটবল খেলার ইচ্ছা থাকে খেলব, আর ইচ্ছা না থাকলে করব না। ফুটবলকে বিদায় জানানোর পর বেশ লম্বা একটা বিরতি চান তিনি।
ফুটবল মাঠের প্রতি ভালোবাসা থাকলেও মাঠের বাইরে টিভিতে ম্যাচ দেখাটা নেইমারের কাছে মোটেও স্বস্তিদায়ক নয়। তিনি জানান, ফুটবল নিয়ে তার এই অনীহা অনেকেই বিশ্বাস করতে চান না। তার কথায়, ফুটবল আমি ভালোবাসি, কিন্তু সেটি খেলার জন্যই। সোফায় বসে টিভিতে ম্যাচ দেখাটা আমার দ্বারা সম্ভব হয় না। এমনকি ফুটবল ম্যাচ দেখলে তার মেজাজ বিগড়ে যায় বলেও স্বীকার করেছেন তিনি। ব্যাখ্যা করে তিনি বলেন, না, আমার ভালো লাগে না। আর ফুটবল দেখতে বসলে মেজাজটাই চড়ে যায়।
স্মৃতিচারণ করে নেইমার জানান, বার্সেলোনা ও প্যারিসে থাকার সময় তার তরুণ সতীর্থরা ছুটির দিনে টিভিতে নিয়মিত ফুটবল ম্যাচ দেখত। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, শনি ও রোববারের সেই দিনগুলোতে টিভিতে ম্যাচ চললে আমার প্রচণ্ড রাগ হতো। সেই কারণে আমি লিভিংরুমেও থাকতাম না। তবে ফুটবল না দেখলেও বাস্কেটবলের প্রতি তার আগ্রহ আছে এবং মাঝে মাঝে তিনি এই খেলাটি দেখেন। বাস্কেটবল আমার খুব পছন্দ, তবে মাঝে মাঝে দেখি। তিনি আরও বলেন, প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় তরুণ ছেলেরা যখন আমার সঙ্গে থাকত তখন শনি ও রোববারে টিভিতে শুধু ফুটবল ম্যাচই চলত।