গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কাকড়ার গাড়িতে লোডিং করার ঘটনায় সুমন (১৯) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার( ভূমি)।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং কাকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত সুমন কচুয়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম শফিকুল।
জানাযায়, যমুনা নদী থেকে বালু উত্তোলন করে কাকড়ার গাড়িতে লোডিং করার সময় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত কাকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, নদী তীরবর্তী জনবসতি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও আইনানুগ অভিযান অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।